১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টার্সে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’। ব্যাটিংয়ে ১৪৫ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়েও প্রতিপক্ষকে আটকাতে পারেনি দলটি। ১৪৬ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পেরিয়ে যায় মাত্র ২১.৫ ওভারে, হারায় ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। সিনেথ জয়াসুরিয়া ১১ রান করে ফিরলেও লাসিথ ক্রসপুলে করেন ২৯ রান। অধিনায়ক প্রবণ রথনায়েকে ৩৬ বলে ৪৫ রান করেন। আর নিশান মাদুশকা অপরাজিত ফিফটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে রকিবুল হাসান, সামিউন বসির ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রান যোগ করেন। ইমন ২৯ বলে ৩২ এবং সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। শাহাদাত হোসেন দিপু করেন ১৩ রান।
তবে শ্রীলঙ্কার স্পিনাররা আক্রমণে আসতেই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। আফিফ হোসেন রানের খাতা খোলার আগেই ফেরেন, সাব্বির রহমান করেন ৩ রান। ইফতেখার হোসেন ইফতি ৭৫ বলে ৩১ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষ দিকে রিজওয়ান ১৫ ও সামিউল বাসির ১০ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো ৪টি, ওয়ানুজা সাহান ৩টি এবং বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি উইকেট শিকার করেন। ফলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পিছিয়ে থেকে ম্যাচটি হারতে হয় বাংলাদেশ ‘এ’ দলকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192234