সিরাজগঞ্জে নিজ বাসায় সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়ে নিজের বাড়িতেই ৪০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত রোববার সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে তার বাসায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়।
নিজ বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানিতে আগ্রহী করার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, মন্ত্রীর এই উদ্যোগ দেখে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হবেন।
এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এই উদ্যোগ দেখে মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে, পাশাপাশি দেশের ও মানুষের উপকার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192216