বগুড়ার ধুনট পৌরসভার হাট-বাজারের শেড বেদখলের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌরসভার হাট-বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা সরকারি শেড বেদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে। অস্থায়ীভাবে ব্যবসার জন্য নির্মাণ করা তোহা বাজারের এই শেডে স্থায়ী ব্যবসা গড়ে তুলেছেন তারা।
এতে ওই শেড ব্যবহার করতে পারছেন না এলাকার অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ ঘটনায় হাটের ইজারাদার আবুল কালাম আজাদ বাদি হয়ে ধুনট পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট পৌরসভার হাট-বাজারটি বাংলা ১৪৩৩ সালের জন্য স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদের নামে বার্ষিক ৩৯ লাখ ৫ হাজার টাকায় ইজারা বন্দোবস্ত দিয়েছে। এখানে দৈনিক বাজার এবং সপ্তাহের শনি ও মঙ্গলবার হাট বসে।
এই হাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের খোলাবাজারে মালামাল বিক্রির জন্য পর্যায়ক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৪টি শেড নির্মাণ করা হয়। সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা খোলাবাজারে অস্থায়ীভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করার কথা।
কিন্তু বাজারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে শেডের জায়গা দখল করেন। পরে সুকৌশলে গ্যালারি রেখে বেড়া দিয়ে স্থায়ীভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ঘটনায় ইজারাদার আবুল কালম আজাদ গত ১১ আগস্ট পৌর প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। কিন্ত আজও কোন ব্যবস্থা গ্রহন হয়নি।
এ বিষয়ে হাট শেডের মনোহরি পণ্যের ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ইজারাদারকে দৈনিক ১০০ টাকা এবং প্রতি হাটবার ৩০০ টাকা করে খাজনা দিয়ে ব্যবসা করছি। তারপরও ইজারাদার অতিরিক্ত মোটা অংকের টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা পরিশোধ না করায় পৌর প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।
উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) ও ধুনট পৌরসভার প্রশাসক মীর আল মনসুর শোয়াইব বলেন, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য হাটবাজারের সংরক্ষিত খালি জায়গা তোহা বাজার নামে পরিচিত। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সেখানে কোন স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো তৈরি করতে পারবে না।
খোলা বাজারের শেডগুলো উন্মুক্ত থাকবে। এগুলো ঘেরা দখল কিংবা বিক্রির নিয়ম নেই। অবৈধভাবে শেড দখলের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192183