কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
আজ সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।