কলকাতায় হোটেল কক্ষ থেকে জার্মান পর্যটকের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি বেসরকারি হোটেলের কক্ষ থেকে ৬৭ বছর বয়সী এক জার্মান পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ধর্মতলার পিয়ারলেস হোটেলের ১৬০২ নম্বর কক্ষ থেকে টমাস লিলি নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
হোটেল সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) পিয়ারলেস হোটেলে ওঠেন টমাস। সোমবার অনেক বেলা পর্যন্ত তার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না মেলায় হোটেলের কর্মীরা দরজা খুলে ভেতরে ঢোকেন। তারা বিছানার ওপর টমাসের নিথর দেহ দেখতে পেয়ে নিউমার্কেট থানায় খবর দেন।
ঘটনাস্থলে নিউমার্কেট থানার পুলিশ এসে টমাসকে দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিউমার্কেট থানার পুলিশ ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার সদস্যরা হোটেলে গিয়ে ওই নাগরিকের সব তথ্য খতিয়ে দেখছেন। হোটেলে তার সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
তবে কী কারণে এই জার্মান নাগরিকের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192181