নিজের বায়োপিক নিয়ে ববিতা’র ভাবনা

নিজের বায়োপিক নিয়ে ববিতা’র ভাবনা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। জীবনের এই সময়ে এসে নিজের বায়োপিক নিয়ে চিন্তা করছেন। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নায়ক বা নায়িকার তেমন কোনো বায়োপিক নেই। কিছুদিন আগে চিত্রনায়িকা পপি ঘোষনা দিয়েছিলেন যে তিনি নিজের জীবনের বায়োপিক নির্মাণ করবেন। কিন্তু এখন পর্যন্ত তার বায়োপিকের তেমন কোনো আপডেট নেই। আবার এক দশকেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমাতে নেই ববিতা।

এরইমধ্যে বেশ কিছু সিনেমাতে কাজ করারও প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু সবমিলিয়ে তার ভালোলাগেনি বিধায় এখনো নতুন কোনো সিনেমাতে তিনি অভিনয় করেননি। তবে এরইমধ্যে তিনি তার নিজের বায়োপিক এ কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যদি কেউ তার জীবনের গল্প ঠিকঠাক মতো তার কাছে তুলে ধরতে পারেন এবং সেই গল্প সঠিকভাবে নির্মাণের জন্য যতোটা অর্থ বিনিয়োগ করা প্রয়োজন তা করা যায় তাহলে তিনি বায়োপিক নির্মানের অনুমতি দিবেন এবং তাতে তিনি অভিনয় করবেন।

কানাডা থেকে ববিতা বলেন,‘ আমাদের দেশের বাইরে অনেক শিল্পীর বায়োপিক নির্মিত হয়েছে নানান সময়ে। তারমধ্যে কিছু কিছু বায়োপিক আমি দেখেছি। চেষ্টা করেছে ঠিকঠাক মতো তাদের জীবনের গল্প তুলে ধরতে। তো আমাকে নিয়ে যদি কেউ বায়োপিক নির্মাণ করতে চান তাহলে আমার জন্ম থেকে শুরু করে আমার পড়াশুনা, আমার বাবা মা, আমার পরিবার, আমার সিনেমা জীবনের শুরু, সিনেমায় ববিতা হয়ে উঠার পেছনের কষ্ট, সংগ্রাম, গল্প, বাংলাদেশের সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমার পথচলা, অভিনয়ের জন্য আমার প্রাপ্তি, সিনেমাকে ঘিরে আমার সুখ, দু:খ, আনন্দ, বেদনা সর্বোপরি পুরো আমাকেই যেন সঠিকভাবে তুলে ধরা হয় এমনভাবে যদি কেউ সঠিকভাবে গল্প লিখেন এবং তা যদি আমার ভালোলাগে তবেই বায়োপিক এ অভিনয় করা যেতে পারে। আমি এর আগে বেশকিছু সিনেমা প্রযোজনাও করেছি। সবগুলোই আমার মনের মতো গল্প নিয়েই করা। যে কারণে বায়োপিকটাও হতে হবে একদম আমার জীবনের নিখুঁত বর্ণনা। যদি তা না হয় তাহলে হয়তো বা বায়োপিক হবে না আমায় নিয়ে।’

ববিতা কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ‘আনন্দমেলা’র আয়োজনে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন। এছাড়াও চলতি বছর তিনি ‘একুশে পদক’, ‘মা পদক’সহ আরো বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছেন। সর্বশেষ তিনি ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন। গত জুলাই মাসে তিনি কানাডাতে তার ছেলের কাছে গিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192176