সেঞ্চুরিয়নে ইতিহাসের সামনে দাঁড়িয়ে হৃদয়

সেঞ্চুরিয়নে ইতিহাসের সামনে দাঁড়িয়ে হৃদয়

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম চার টেস্টে ৫৩৮ রান করে আলোচনায় তাওহিদ হৃদয়। সিলেটে ডাবল সেঞ্চুরির পর জোহানেসবার্গেও শতকের দেখা পাওয়া এই ব্যাটারের সামনে এখন সেঞ্চুরিয়নে পঞ্চম টেস্টে নামার পালা। তার এই অবিশ্বাস্য শুরুতে স্বাভাবিক কৌতূহল তৈরি হয়েছে—সেঞ্চুরিয়নে কেমন করবেন হৃদয়, আর কত রান করলে টপকে যাবেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের?

টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে ক্যারিয়ারের প্রথম চার টেস্ট শেষে হৃদয়ের চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ছয়জন ব্যাটার। সুনীল গাভাস্কার (৭৭৪), জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিঁয়াদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলির (৫৪৪) পরই অবস্থান হৃদয়ের (৫৩৮)।

প্রথম পাঁচ টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় ঢুকতে এবং পুরোনো রেকর্ডগুলো নাড়িয়ে দিতে হৃদয়ের সামনে বেশকিছু সমীকরণ অপেক্ষা করছে। সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে অন্তত ৭০ রান করতে পারলেই ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টের হিসেবে সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানকে সাত থেকে আটে নামিয়ে দেবেন তিনি। তালিকার বর্তমান সমসাময়িক তিন ব্যাটার কামিন্দু মেন্ডিস (৬৩১), হ্যারি ব্রুক (৬২৩) ও ডেভন কনওয়েকে পেছনে ফেলতে হৃদয়ের প্রয়োজন হবে ৯৪ রান। ‘ব্ল্যাক ব্র্যাডম্যান’ খ্যাত জর্জ হেডলির সঙ্গে তার ব্যবধান ১৭৬ রানের। আর প্রথম পাঁচ টেস্টে সুনীল গাভাস্কারের বিশ্বরেকর্ড ভাঙতে হলে সেঞ্চুরিয়নে হৃদয়কে করতে হবে ২৯৪ রান। সিলেটে এক টেস্টেই ৩২৪ রান করা হৃদয়ের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এমন লক্ষ্য অসম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

ক্যারিয়ারের প্রথম চার টেস্টকে দুই ভাগে ভাগ করলে হৃদয়ের এই উত্থান আরও চমকপ্রদ। প্রথম দুই টেস্টের চার ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে ৩ ও ৯ রানের পর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৪২ ও ০। বিশেষ করে মিরপুরের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার পর টেস্ট ক্রিকেটে তার সামর্থ্য নিয়ে জোর সমালোচনা উঠেছিল। তবে চোটের কারণে মমিনুল হকের ছিটকে পড়া হৃদয়ের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। সিলেটে সুযোগ পেয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১১ ছক্কায় অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রানের পাশাপাশি সর্বোচ্চ ছক্কারও রেকর্ড। মাত্র একটি ছক্কার আক্ষেপে বিশ্ব রেকর্ড হাতছাড়া হলেও পরের টেস্টেই জোহানেসবার্গে রাবাদা-ইয়ানসেনদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192131