বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনও বাধা থাকলো না।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারী পক্ষে ছিলেন সিনিয়র এড. ব্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে ১৮ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। যদিও এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বলেন, সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। হাইকোর্ট ওই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।

ওই আদেশের পর গত ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয় আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন জানান। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদনে সাড়া না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য মামলাটি আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192116