৭২০ রান করেও ভারতকে জিততে দেয়নি নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৭২০ রানের বিশাল রেকর্ড সংগ্রহের পরেও ভারতকে জিততে দেয়নি নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে শেষ পর্যন্ত ড্র মেনে নিতে সফরকারীদের। পঞ্চম ও শেষ দিনে ১২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে ম্যাচ বাঁচিয়েছে নিউজিল্যান্ড।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টেস্ট লড়াইয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে ৩৫২ রানের বিশাল লিড পায় সফরকারীরা। তবে শেষ ইনিংসে কিউইদের অলআউট করতে না পারায় জয় পাওয়া হয়নি ভারতের। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের ব্যাটার হেনরি নিকোলস। প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান।
৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে হারায় নিউজিল্যান্ড। তবে এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের হতাশ করেন কিউই ব্যাটাররা। ডেভন কনওয়ে ১৬৫ বলে ৬৫ রান করেন। রাচিন রবীন্দ্র ১২৯ বলে ৩৭ রান করে আউট হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নিকোলস করেন ৩১ রান। এরপর দলের হাল ধরেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেল ১৮৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ফিলিপস ১২৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুজন মিলে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়ে ভারতকে আর কোনো সুযোগ দেননি।
শেষ পর্যন্ত ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় পাঁচ দিনের লড়াই। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণ ২টি এবং বুমরাহ, আনশুল কাম্বোজ, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192112