চট্টগ্রামে মদপানে দু’জনের মৃত্যু
মফস্বল ডেস্ক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলো- নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) ওই এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদপান করে। পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন ও সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। এরই মধ্যে একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192109