বগুড়ার ধুনটে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা আহত

বগুড়ার ধুনটে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব লিমন ইসলামকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাঁচথুপি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লিমন ইসলাম উপজেলার বহালগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পাশের নছরতপুর গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন। পথে পাঁচথুপি বাজার এলাকার একটি পরিত্যক্ত করাতকলের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরিহিত সংঘবদ্ধ দুর্বৃত্তদের দেখতে পান তিনি। এসময় মোটরসাইকেলের গতি কমালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে লিমনের বাম হাত রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান। পরে সংবাদ পেয়ে স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192071