জয়পুরহাটে অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে : ছয় মাসের শিশুর পাশে মাসুদ রানা প্রধান
জয়পুরহাট প্রতিনিধি : অর্থাভাবে চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়া ছয় মাসের শিশু সারার চিকিৎসার দায়িত্ব নিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের হারাইল মহল্লার বাসিন্দা আক্তার বানুর ছয় মাস বয়সী শিশু কন্যা সারার শরীরে জন্মগতভাবে দুটি জটিল রোগ ধরা পড়ে। দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি নজরে এলে মানবিক দিক বিবেচনায় শিশুটির চিকিৎসার পাশে এসে দাঁড়ান মাসুদ রানা প্রধান।
সহায়তার চেক প্রদানকালে তিনি বলেন, মানবতার সবচেয়ে সুন্দর রূপ ফুটে ওঠে তখনই, যখন অসহায় মানুষের বিপদের দিনে আমরা পাশে দাঁড়াতে পারি। একটি নিষ্পাপ শিশুর হাসি বাঁচাতে এগিয়ে আসা মানেই একটি পরিবারের নতুন স্বপ্নকে বাঁচিয়ে রাখা।
ছোট্ট সারার চিকিৎসার জন্য আজ সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এই পরিবারটির পাশে থাকব। আমি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানায়, আপনারাও অসহায় মানুষদের পাশে দাঁড়ান, যাতে অর্থের অভাবে কোনো শিশু বিনাচিকিৎসায় কষ্ট না পায়।
অন্যদিকে, চরম দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা আক্তার বানু। তিনি বলেন, টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা প্রায় বন্ধ হতে বসেছিল। কী করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, প্রতিটা মুহূর্ত দুশ্চিন্তায় কাটছিল। মাসুদ রানা প্রধান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার সাহস ও ভরসা জুগিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192070