গানের পাশাপাশি ম্যাজিস্ট্রেট কোর্টে চাকুরী’তে যুক্ত হলেন স্বর্ণা

গানের পাশাপাশি ম্যাজিস্ট্রেট কোর্টে চাকুরী’তে যুক্ত হলেন স্বর্ণা

অভি মঈনুদ্দীন ঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঘাসি গ্রামের মেয়ে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী স্বর্ণা তালুকদার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে অনার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাশ সেকেণ্ড হয়েছিলেন। চলতি মাসের প্রথম সপ্তাহেই তিনি সিলেটের ম্যাজিস্ট্রেট কোর্টে চাকুরীতে যোগদান করেছেন তিনি। বাংলাদেশের জেলা ও মেট্রোপলিটন এলাকার ফৌজদারি বিচার ব্যবস্থার প্রথম স্তরের আদালত হলো ম্যাজিস্ট্রেট কোর্ট। যদিও চাকুরীটি তার মনের মতো না, তারপরও আপাতত এই চাকুরীতে যুক্ত হয়ে নিজেকে ব্যস্তত রাখতে চাইছেন।

এদিকে বাংলাদেশে ১৯৯৯ সালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ চালু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে প্রথম এই পুরস্কার চালু হয়। পরবর্তীতে দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে বিভিন্ন অনুষদে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। তবে এবারই প্রথম রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবারই প্রথম ডীনস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে কৃতি শিক্ষার্থীদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সম্প্রতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সেই ধারাবাহিকতায় স্বর্ণা তালুকদার ডীনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। স্বর্ণা তালুকদার বলেন,‘ চেষ্টা করেছিলাম ঢাকা কিংবা চট্টগ্রামে কোনো একটা চাকুরীতে যোগ দিতে। কিন্তু নিজের বিভাগেই চাকুরী জীবন শুরু করতে হয়েছে। যাই হোক, সবইতো আসলে ভাগ্য, কিছু করারও নেই। আপাতত যে চাকুরীতে যোগ দিয়েছি তাই নিয়েই সময় কাটছে। ভবিষ্যতে আরো ভালো কিছু হবে সেই চেষ্টায় আছি। সবার কাছে দোয়া চাই যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি।’

স্বর্ণা নেত্রকোনার প্রখ্যাত গানের শিক্ষক রতন সরকারের কাছে দীর্ঘদিন তালিম নিয়েছেন। পরবর্তীতে ২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে অনার্স পড়া শুরু করেন। তার মেজর সাবজেক্ট ছিলো নজরুল সঙ্গীত। মাস্টার্সে স্বর্ণা প্রথম শ্রেনীতে দ্বিতীয় হয়েছেন। স্বর্ণাও ভালোলাগে ফোক গান গাইতে। তার কন্ঠে প্রকাশিত দুটি মৌলিক গান হচ্ছে ‘ভালোবাসা এমনই হয়’ এবং ‘চোখের ভাষা’। ১০ নভেম্বর জন্ম নেয়া স্বর্ণাও ইচ্ছে রয়েছে গান গাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার। আপাতত বিসিএস’র জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192048