ইমরানের গানে রুবাইয়া এশার বাজিমাত

ইমরানের গানে রুবাইয়া এশার বাজিমাত

অভি মঈনুদ্দীন ঃ মাত্র ছয়দিন আগেই প্রকাশিত হয়েছে ইমরানের কন্ঠে নতুন মৌলিক গান ‘সখি মন বুঝলানা’। নতুন গানে আবারো বাজিমাত করছেন ইমরান। এবারের গানটি বেশ কয়েকটি কারণে শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। তারমধ্যে কয়েকটি কারণ হলো গানটি লেখা ও সুর করা গুঞ্জন চৌধুরীর, গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, গানটি ট্রেণ্ডি হলেও ফোক ঘরানার গান এবং যথারীতি ইমরানের সঙ্গে এই গানের মিউজিক ভিডিওতে আছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী রুবাইয়া এশা। গানটি ‘ইমরান মাহমুদুল’ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র ছয় দিনেই বিশ লাখেরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। গানটির কাব্যময় গীতিকবিতা এবং গীতিকারের নিজস্ব ঢঙের সুরে গানটি একটু ব্যতিক্রম হয়েছে যে কারণে ইমরান মাহমুদুলও সঙ্গীতায়োজনে বেশ খানিকটা পরিবর্তনও এনেছেন। গানটি দেশে বিদেশে এরইমধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটি নিয়ে যেমন আলোচনায় হচ্ছে, ঠিক তেমনি রুবাইয়া এশাকে নিয়েও রীতিমতো আরো নতুন নতুন পরিকল্পনা হচ্ছে। গানটি টিকটকেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

ইমরান মাহমুদুল বলেন,‘ গানটি প্রকাশের আগেও আমি বলেছিলাম যে নতুন গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে। গানটি প্রকাশের পর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস আগামীতে এই গানে আরো অনেক বেশি, সাড়া পাবো। কারণ এই গানের ভিডিও টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড। গ্লোবালি ট্রেণ্ড ভাবনায় রেখেই এই গানের অডিও ভিডিও করা হয়েছে। গানটি মিউজিক্যালি অনেক ট্রেণ্ডি হলেও গানের কথা ও সুর ফোক ঘরানার। আর রুবাইয়া এশাকে নিয়ে আমার যতোটা প্রত্যাশা ছিলো তারচেয়ে বেশি প্রত্যাশা পূরণ হয়েছে। সবাই তাকে বেশ ভালোভাবে গ্রহন করেছে। এশা কাজটি মন দিয়ে করেছে এবং যতোটা শ্রম দেবার দরকার ছিলো তারচেয়ে বেশি শ্রম দিয়েছে। যে কারণে সে তার কষ্টের ফল পাচ্ছে। আগামীতে তাকে নিয়ে যদি গান করার মতো গান হয় তাহলে তাকে নিয়ে কাজ করবো, সেটা সময়ই বলে দিবে। আন্তরিক কৃতজ্ঞতা যথারীতি শ্রোতা দর্শকের প্রতি।’

রুবাইয়া এশা বলেন,‘ আগেও আমি অনেক গানের মিউজিক ভিডিওতে মডেল হবার অফার পেয়েছিলাম। কিন্তু আমার ইচ্ছেই ছিলো যদি কখনো কোনো গানের মিউজিক ভিডিওতে মডেল হই তাহলে ইমরানের গানেই হবো। আমি খুউব ধৈর্য্য ধরে আসলে এই সময়টার অপেক্ষায় ছিলাম। গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। সবার একটাই কথা, মিউজিক ভিডিওটা আন্তর্জাতিক মানের হয়েছে। অনেকেই আমার নাচেরও প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগ্য মাধ্যমেও অনেক অনেক সাড়া পাচ্ছি। সবার এতো এতো ভালোবাসায় আমি অভিভূত, মুগ্ধ। আর এটাও জানাতে চাই, দ্রুতই নতুন আরো একটি গানের ভিডিওতে আমাকে দেখা যাবে।’ রুবাইয়া এশা জানান, এই মুহুর্তে অনেক নাটকে কাজের প্রস্তাব আসছে। নিয়মিত তিনি শুটিং করছেন সকাল আহমেদ, ইমরাউল রাফাত, রুবেল আনুশ’সহ আরো বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে। ইমরাউল রাফাতের ‘প্রীতি আমি আর আসবো না’ নাটক দিয়ে রুবাইয়া এশার চলতি বছরেই অভিনয়ে এককভাবে যাত্রা শুরু।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192046