টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত পাঁচ দিনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন, ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তারা পদত্যাগের কথা জানান। 
 
পদত্যাগের কারণ হিসেবে অধিকাংশ নেতাকর্মী ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার বিষয় উল্লেখ করেছেন। তাদের কয়েকজনের দাবি, দলীয় পদ পাওয়ার বিষয়টি তারা জানতেনই না। এ ছাড়া শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন একজন।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেওয়া ১৫ জনের মধ্যে ১৪ জন পদত্যাগের কথা জানান।
 
স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। 
 
পরবর্তী সময়ে ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আরও ১০ জন। তাদের মধ্যে রয়েছেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, একই ইউনিয়নের সদস্য সোহেল ফকির ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।
 
 
এদিকে, গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি। 
 
অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। ভিডিও বার্তায় তিনি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেন।
 
নাম প্রকাশ না করার শর্তে জেলা গণঅধিকার পরিষদের এক দায়িত্বশীল নেতা জানান, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফেসবুকে পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ওই নেতা কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন তিনি। 
 
এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
 
অন্যদিকে, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন রিসিভ করলেও ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192042