শিরোপা উৎসবে জ্ঞান হারালেন পারেদেস!
স্পোর্টস ডেস্ক : বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যেই ঘটে গেল অস্বস্তিকর ঘটনা। ম্যাচ শেষে সরাসরি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
শনিবার কলম্বিয়ার বারাঙ্কিয়ায় আতলেতিকো মিনেইরোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনার ক্লাবটি। খেলার শেষে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন ৩২ বছর বয়সী পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে মহাদেশীয় খেতাব জয়ের অনুভূতি জানাতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। একসময়ে ক্যামেরার সামনেই লুটিয়ে পড়েন এই মিডফিল্ডার।
যে সাংবাদিক তার সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি পারেদেসকে ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। দ্রুত ছুটে আসেন মেডিকেল স্টাফ ও কর্মকর্তারা। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় সরাসরি সম্প্রচার। পরে চিকিৎসা পাওয়ার পর জ্ঞান ফিরে আসে পারেদেসের। একপর্যায়ে নিজেই হেঁটে ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায় তাকে।
ফাইনাল ম্যাচেও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন পারেদেস। বারাঙ্কিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার। শারীরিক দুর্বলতার কারণে ম্যাচের ৫৮ মিনিটে তাকে তুলে নেন কোচ। বেঞ্চে বসে থাকার সময় সতীর্থদেরও তাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে দেখা যায়।
পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে ম্যাচ শেষে কথা বলেন বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা। কোচ বলেন, প্রথমার্ধের শেষ দিকে পারেদেসের মাথা ঘুরছিল। বিরতির পর কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরই বোঝা যাচ্ছিল, সে শারীরিকভাবে লড়াই করতে পারছে না।
নিজের শৈশবের ক্লাবে ফিরে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পারেদেসও চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সতীর্থদের সঙ্গে উদযাপন করেছিলেন। তবে ম্যাচ শেষে তার আকস্মিক জ্ঞান হারানোর ঘটনা আনন্দের রাতকে কিছুক্ষণের জন্য উদ্বেগে পরিণত করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192023