বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, বিস্ফোরণ-আগুন

বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, বিস্ফোরণ-আগুন

আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগরে ড্রোন হামলার পর রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে গেছে। শনিবার (২১ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ড ধারণা করছে, ইউক্রেন এ হামলা চালিয়ে থাকতে পারে। পরে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাহাজটির ১৬ সদস্যের নাবিকদল লাইফবোটে করে সেটি ছেড়ে কাছাকাছি থাকা আরেকটি রুশ জাহাজে আশ্রয় নেয়। তারা বর্তমানে রাশিয়ার পথে রয়েছে বলে শনিবার রাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলইকে জানান ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন। চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দফায় দফায় সামরিক ড্রোন পাঠায় ইউক্রেন। এর মধ্যে কয়েকটি ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমাতেও ঢুকে পড়ে। এতে যুদ্ধ ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্ভবত ইউক্রেনই এ হামলার পেছনে রয়েছে।’ তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা স্পষ্ট নয় বলেও জানান তিনি। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতেও জাহাজটিতে আগুন জ্বলছিল। জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করে থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটি। তবে শেষ পর্যন্ত রাশিয়ার জাহাজগুলো ক্ষতিগ্রস্ত জাহাজটিকে নিজ দেশে নিয়ে যেতে পারে বলে জানিয়েছে ফিনিশ কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযান চলাকালে একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন ফিনল্যান্ডের উপসাগরীয় অঞ্চলের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার মিক্কো সিমোলা। গত সপ্তাহে ইউক্রেনের ড্রোন হামলার একটি ঢেউয়ের সময় একই এলাকায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী। রাশিয়া তার আঞ্চলিক জলসীমার বাইরে বাণিজ্যিক জাহাজে হামলাকে সন্ত্রাসবাদ ও সামুদ্রিক জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে।

স্পার্টা-২ নামের জাহাজটি রাশিয়ার পতাকাবাহী ১২১ মিটার দীর্ঘ একটি পণ্যবাহী জাহাজ। এর মালিক ওবোরোনলজিস্টিকা। এলএসইজির তথ্য অনুযায়ী, শুক্রবার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে যাত্রা শুরু করে এটি। ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সংকীর্ণ শাখা, যার এক পাশে ফিনল্যান্ড এবং অন্য পাশে এস্তোনিয়া। উপসাগরটি পূর্ব দিকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত। এর পূর্বাঞ্চলেই অবস্থিত গোগল্যান্ড দ্বীপ। সূত্র : রয়টার্স 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191979