এমবাপের পেনাল্টি মিসের পরেও কষ্টার্জিত জয় রিয়ালের

এমবাপের পেনাল্টি মিসের পরেও কষ্টার্জিত জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য কঠিন হয়ে যায় ম্যাচ। তার ওপর কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস। তবে শেষ পর্যন্ত জুদ বেলিংহাম ও বদলি খেলোয়াড় কার্লোস এসপির গোলে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছেছে তারা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই রিয়ালকে ধাক্কা দেয় সেল্তা। দারুণ দলীয় আক্রমণ থেকে গোল করে অতিথিদের এগিয়ে দেন পাবলো দুরান। এরপর ব্যবধান বাড়ানোরও সুযোগ পেয়েছিল সেল্তা। হুগো আলভারেসের শট সরাসরি ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। উইলিওত সুইডবার্গও বাঁ-প্রান্ত দিয়ে রিয়ালের রক্ষণে একের পর এক বিপদ তৈরি করেন। অন্যদিকে এমবাপে ও আরদা গুলের কয়েকটি আক্রমণও গোলের মুখ দেখেনি। প্রথমার্ধে সেল্তার সুইডবার্গ আরও দুটি ভালো সুযোগ তৈরি করেন। তার একটি শট পোস্টের বাইরে দিয়ে যায়, আরেকটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।

৩৯ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রিয়াল। জাভি রদ্রিগেজ এমবাপের জার্সি ও হাত ধরে টানলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। তার নেওয়া শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। গ্যালারিতে থাকা রিয়াল সমর্থক ও সাবেক টেনিস তারকা রাফায়েল নাদালকেও এ সময় হতাশ হতে দেখা যায়। বিরতির পরও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ৫৭ মিনিটে কোচ হোসে মরিনহো মাঠে নামান ভিনিসিয়ুস জুনিয়রকে। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও শুরুতে তাকে বেঞ্চে রেখেছিলেন মরিনহো। মাঠে নামার পর দ্রুতই ম্যাচে প্রভাব ফেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কোর্তোয়ার দৃঢ়তায় দুরানের আরেকটি প্রচেষ্টা আটকে যাওয়ার পর বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন ভিনিসিয়ুস। তার পাস থেকে বল পান এমবাপে। ফরাসি ফরোয়ার্ড বল বাড়িয়ে দেন বেলিংহামের দিকে। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার। ম্যাচের বয়স তখন ৬৬ মিনিট। ম্যাচের শেষ দিকে যখন মনে হচ্ছিল, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে দুই দলকে, তখনই আসে রিয়ালের জয়সূচক গোল। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বাঁ-প্রান্ত থেকে ক্রস করেন ভিনিসিয়ুস। বদলি হিসেবে মাত্র ছয় মিনিট আগে মাঠে নামা কার্লোস এসপি হেড করেন। গোলরক্ষক ইয়োনুত রাদু প্রথম প্রচেষ্টা ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে নেন এসপি। তাতেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় রিয়ালের।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তবে রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচ জিতলে আবারও পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিতে পারবে কাতালান ক্লাবটি। ম্যাচের আগে ছিল আবেগঘন আয়োজনও। টেনেরিফের প্রয়াত ফুটবলার হেসুস দে মিগেলের বাবা, স্ত্রী ও বোন মাঠে প্রবেশ করেন। তাদের হাতে স্মারক জার্সি তুলে দেওয়া হয়। খেলোয়াড় ও দর্শকরা নীরবতা পালন এবং করতালির মাধ্যমে শ্রদ্ধা জানান। রিয়াল খেলোয়াড়দের জার্সিতেও ছিল প্রয়াত ফুটবলারের নাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191975