এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191970