ক্রিকেটের ২২ গজ ছেড়ে এবার রাজনীতির মাঠে যুজবেন্দ্র চাহাল, বিজেপিতে যোগদান
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে পরিচিত যুজবেন্দ্র চাহাল এবার রাজনীতির ময়দানে। ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন এই ক্রিকেটার। শুধু দলীয় সদস্যপদ গ্রহণই নয়, যোগদানের পরপরই বিজেপির ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটির একাধিক পদে নতুন নিয়োগের অংশ হিসেবেই চাহালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপিতে যোগদানের আগে দলের ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে বৈঠক করেছিলেন চাহাল। এরপরই তার দলটিতে যোগদান এবং নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি সামনে আসে। বিজেপির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দলের জাতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশে ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে এই নিয়োগ করা হয়েছে। নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন অমরপাল মৌর্য।
চাহালকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে আরও বেশ কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বিজেপি। আসামের যোগেন মোহন, ওড়িশার মমতা মহান্ত, উত্তরপ্রদেশের সঙ্গমলাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবনরাও রাওজি চৌধুরী, দিল্লির সৎ প্রকাশ রানা, বিহারের অর্জুন সাহনি এবং উত্তরপ্রদেশের সংগীতা বলবন্ত বিন্দকে মোর্চার জাতীয় সহসভাপতি করা হয়েছে।
জাতীয় সাধারণ সম্পাদক পদেও তিনজনকে নিয়োগ দিয়েছে দল। দিল্লির গজেন্দ্র যাদব, কর্নাটকের প্রমোদ মাধবরাজ এবং ছত্তিশগড়ের ললিত চন্দ্রকর এই দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সাতজনকে জাতীয় সম্পাদক এবং বিভিন্ন রাজ্য থেকে ৩৭ জনকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন জাতীয় সম্পাদকদের মধ্যে রয়েছেন গুজরাটের দশরথজি ঠাকোর, তামিলনাড়ুর টি বরথরাজন, ঝাড়খণ্ডের সঞ্জীব কুমার, হরিয়ানার সরিতা জাঙ্গিদ, তেলেঙ্গানার কাদাগাঞ্চি রমেশ, মধ্যপ্রদেশের বৈভব পানওয়ার এবং বিহারের ভীম কুমার সাহু।
বিজেপির দাবি, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে এই নিয়োগ করা হয়েছে।
১৯৯০ সালে জন্ম যুজবেন্দ্র চাহালের ক্রিকেটজীবন শুরু হয়েছিল অন্য একটি খেলার হাত ধরে। ক্রিকেটে পরিচিতি পাওয়ার আগে তিনি ছিলেন প্রতিযোগিতামূলক দাবাড়ু। পরে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়ে ভারতের অন্যতম পরিচিত লেগ স্পিনার হয়ে ওঠেন। একসময় দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষ কৃতিত্বের অধিকারী চাহাল। এই ফরম্যাটে প্রথম ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং পারফরম্যান্স ৬ উইকেটে ২৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191954