নীলফামারীর সৈয়দপুরে কমলা বাগানে সফলতা প্রধান শিক্ষক (অব.) আশরাফ আলীর

নীলফামারীর সৈয়দপুরে কমলা বাগানে সফলতা প্রধান শিক্ষক (অব.) আশরাফ আলীর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: এক সময় যে জমিতে কাশবনে ছিল পরিপূর্ণ, সেই জমিতে কমলা বাগান করে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফ আলী। এখন তার বাগানে দার্জিলিং জাতের কমলা গাছে থোকায় থোকায় ঝুলছে শত শত কমলা। কোনটি সবুজ, আবার কোনটিতে পাক ধরে হলুদ বর্ণ ধারণ করেছে। বাগানের কমলাগুলো খেতেও বেশ সুমিষ্ট ও সুস্বাদু। এ বছর বাগানের কমলা নয় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ার অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. আশরাফ আলী। তিনি বাড়ির পাশে অচিনার ডাঙায় একটি কমলা বাগান করেছেন। গতকাল শুক্রবার সকালে আশরাফ আলী তার কমলা বাগানটি গড়ে তোলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এ প্রতিনিধির কাছে। তিনি জানান, অবসরে গিয়ে ২০১৮ সালে চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কাশবনের জমি কিনে সেখানে গড়ে তোলেন একটি কমলা বাগান।

ঝিনাইদহ থেকে দার্জিলিং জাতের কমলা চারা সংগ্রহ করে ১৬০ শতক জমিতে রোপণ করেন তিনি। তার বাগানে ১০ ফুট দূরে দূরে রয়েছে কমলা গাছগুলো। আর তিনি পূর্বের লেবু বাগানের অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগিয়ে কমলা বাগানে মনোনিবেশ করেন। তার বাগানে বর্তমানে চার শত দার্জিলিং জাতের কমলা গাছ রয়েছে।

আর অনুকূল আবহাওয়া ও তেমন কোন রোগবালাই না হওয়ায় কমলা গাছগুলো কয়েক বছরের মধ্যে বেশ পরিপুষ্ট হয়ে বেড়ে উঠেছে। বাগানটি থেকে প্রথম বছরেই ২০২৩ সালে প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রি করেন তিনি। এরপর ২০২৪ সালে চার লাখ এবং ২০২৫ সালে পাঁচ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। তবে এবারে রংপুরের তারাগঞ্জের এক ফল ব্যবসায়ীর কাছে পুরো বাগানের কমলা নয় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। 

অন্যদিকে, এখন তার কমলা বাগানের চারপাশে শোভা পাচ্ছে সারি সারি সুপারি গাছ। সেই সাথে রয়েছে পেঁপেসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছও। এ সব ফল বিক্রি করেও বাড়তি আয় করছেন তিনি। পাশাপাশি কমলা বাগানের উত্তর ও দক্ষিণ প্রান্তে পৃথক পৃথকভাবে হাঁস-মুরগী, গরু-ছাগলের খামার গড়ে তুলেছেন আশরাফ আলী। 

আশরাফ আলী বলেন, অনেকেই চাকরি থেকে অবসরে গিয়ে হতাশায় ভোগেন। তাদের সময় কাটানোর জায়গায় থাকে না। কিন্তু আমার মধ্যে কোন রকম হতাশা নেই। আমি কমলা বাগান ও খামার করে অবসর জীবনের সময়টুকু খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে কাটছি। 

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন জানান, অবসরপ্রাপ্ত  প্রধানশিক্ষক আশরাফ আলীর কমলা বাগানটি আমি কয়েক দফা পরিদর্শন করেছি। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে কমলা চাষে প্রয়োজনীয় সব রকম পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191950