রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য : দশ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ
পঞ্চগড় প্রতিনিধি : বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অধীনস্থ চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের গত ১০ মাসে অর্থাৎ গত পহেলা জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করছে। এ সময়ে মাদকসহ অন্যান্য চোরাচালানের সাথে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দমমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ কেজি ৯২ গ্রাম গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশা জাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’- এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191948