কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : কাজী রফিক এমপি

কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : কাজী রফিক এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। কৃষকদের উন্নয়নে তাদের পানি সরবরাহ করতে  তিনি প্রথমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও কৃষকদের উন্নয়নে নানা ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের উন্নয়নে তার ৩১ দফায় তিনি কৃষকদের কথা বলেছেন।

কৃষক কার্ডের মাধ্যমে তিনি কৃষকদের নানা ধরনের সহযোগিতা প্রদান করবেন। ইতিমধ্যেই কৃষিকে আধুনিকায়ন করতে নানা ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের বিনামূল্যে দেয়া হচ্ছে। ফসলের উচ্চ ফলনশীল নতুন জাত উৎপাদন করতে গবেষণা চালানো হচ্ছে। কৃষি কার্ডের প্রণোদনা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার কৃষকদের জন্য যা করেছে, আমরা মাত্র ৫ বছরে তার চেয়ে বেশি করতে চাই।

বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই  বাংলার কৃষকদের উন্নয়ন হয়েছে, বগুড়ার উন্নয়ন হয়েছে, তার সাথে তাল মিলিয়ে সারাদেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আমাদের সবার। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকল শ্রেণির মানুষের সমন্বয়ে গঠিত আমাদের এদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

আমরা সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ গড়তে চাই। আমি একজন কৃষক পরিবারের সন্তান। সারিয়াকান্দি ও সোনাতলার কৃষকদের উন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। কৃষিতে আমি বিপ্লব ঘটাতে চাই। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক  সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191934