বগুড়ার ধুনটে গোসাইবাড়ি হাটে খাস আদায়ের অর্থ লুটের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি হাট-বাজারে ইজারা না দিয়ে খাস আদায়ের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যক্তি হাটের টাকা আদায় করছেন। আদায়কৃত অর্থের সামান্য অংশ সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলা ১৪৩২ সালে হাট-বাজারটি থেকে সরকারি কোষাগারে জমা হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা। আর ১৪৩৩ সালের সাত মাসে জমা পড়েছে মাত্র ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
অথচ প্রায় ২৫ লাখ টাকা ইজারা মূল্যের হাট-বাজারটি দুই বছর আগে ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছিল। তবে পরপর দুই বছর সিন্ডিকেটের মাধ্যমে ইজারা না দিয়ে খাস আদায়ের ব্যবস্থা রাখার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
নিয়ম অনুযায়ী গোসাইবাড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তার উপস্থিতিতে খাস আদায়ের কথা থাকলেও সরেজমিন হাটে গিয়ে তাকে কিংবা তার লোকজনকে দেখা যায়নি। সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা এলাকা থেকে চলে যান। পরে সরকারি কর্মঘণ্টায় তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। ওই হাটের ছাগল কেনাবেচার স্থানে গিয়ে সরকারি দলের স্থানীয় দুই নেতাকে টাকা আদায় করতে দেখা যায়।
আদায়কারীরা জানান, প্রতিটি ছাগল কেনার ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ২০ টাকা নেওয়া হচ্ছে। তবে আদায়ের পরিমাণ নিয়ে তাদের বক্তব্যের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের তথ্যের মিল পাওয়া যায়নি। প্রায় ১৮ বছর ধরে ওই হাটে ছাগল কেনাবেচা করেন স্থানীয় ব্যবসায়ী জহুরুল হক।
তিনি বলেন, প্রতিটি ছাগলের জন্য ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। হাটের অন্যান্য ক্রেতা-বিক্রেতারাও জানান, আগের তুলনায় চলতি বছরে খাস আদায়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এ অবস্থায় খাস আদায়ের অর্থের বড় অংশ কোথায় যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191929