জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার তিনদিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে হন্তনাবাদ গ্রামে মাঠের ধান ক্ষেত থেকে রাব্বি হাসান (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় এ মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে বলে জানা গেছে। রাব্বি নিখোঁজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ থানায় জিডি করা হয়  । 

এলাকাবাসী ও পুলিশ জানায় গত বৃহস্পতিবার বিকেলে অটোভ্যান নিয়ে রাব্বি হাসান পিরব বাজারে যায়। ওই দিন সন্ধ্যা রাতে বাড়ি ফেরার কথা। কিন্তু সে সময়মতো বাড়িতে না ফেরায় নিখোঁজ  হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখোঁজি করে।

একপর্যায়ে গতকাল শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ গ্রামের ধানখেত থেকে শ্রমিকরা রাব্বি হাসানের দুই হাত বাঁধা এবং গলায় রশি লাগানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে ক্ষেতলাল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বি হাসানের মরদেহটি উদ্ধার করে। 

রাব্বির খালা জাহিমা বলেন, ছোটবেলা থেকে রাব্বি নম্র ও ভদ্র। কিছুদিন আগে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে  একটি অটোভ্যান কিনেছে। দুস্কৃতিকারীরা ওই ভ্যান ছিনিয়ে নেওয়ার জন্য হয়তোবা তাকে হত্যা করেছে।  

রাব্বির বাবা সাদ্দাম হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমাদর ছেলে নিখোঁজ হওয়ার পর শনিবার সকালে তার মৃত্যুর খবর পাই। কে বা কাহারা আমার ছেলেকে  নির্মম ভাবে হত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। 

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, উদ্ধারকৃত মরদেহটি রাব্বি নামে এক কিশোরের। গত তিনদিন আগে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ থানায় জিডি করেছে। শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজন মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যার রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191921