আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে : রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মীর শাহে আলম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে : রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মীর শাহে আলম

রংপুর ও গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল, যা পরবর্তী সময়ে সঠিক বলে প্রমাণিত হয়েছে। গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পলাতক, পতিত ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-একটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না।

বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। তাই আগের সরকারের মতো গুম, খুন কিংবা গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না সরকার। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

তিনি বলেন, দেশকে নতুন করে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে যারা জড়িত, তাদেরও জবাব দেওয়া হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের জনগণ ও স্বাধীনতার পক্ষে থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে না এবং নির্বাচনে কোনো দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেওয়ারও সুযোগ নেই।

এমনকি ব্যানার-পোস্টারে কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, শহিদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া রংপুর নগরীর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে নতুন কর্মসূচি নেওয়া হলে সেগুলোও অনুমোদন দেওয়া হবে।

তিনি জানান, রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৫০০ কোটি টাকা। এছাড়া গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জন্য পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।

এর আগে, গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষে সম্ভব্য স্থান পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদের কারো দেশের বাইরে কোন ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।

এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যদিয়ে দেশের সকল খাল এবং মরা নদীগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। পরে মন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন। এছাড়াও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মহিমাগঞ্জ ইউনিয়নের গুলিয়া ঈদগাহ, রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ ও বন্ধ রংপুর চিনিকল পরিদর্শন করেন তিনি। 

এর আগে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191915