পাগলা মসজিদের দান বাক্সে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা
মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা চলছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। গণনা করা টাকা পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হয়েছে। এবার দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। প্রায় পাঁচ মাস পর খোলা এসব দানবাক্সে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। গণনা কার্যক্রম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191862