প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ 

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ 

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। আগামী ২২ নভেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে তার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

আগামী ২৩ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বালেন্দ্র শাহ। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পানি সম্পদ, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকারসহ ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধিদল অংশ নেবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও রয়েছে তার কর্মসূচিতে।

নেপালের জন্য এবারের সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বন্যা-পরবর্তী পুনর্গঠনে ভারতের সহায়তা। গত আগস্টে ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় ভারতের সহযোগিতা চাইবে কাঠমান্ডু।

এ ছাড়া ভারতের আকাশসীমা ব্যবহার করে নেপালের আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য নতুন প্রবেশপথ চালুর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে ভৈরহাওয়া ও পশ্চিমাঞ্চলীয় রুট নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে নেপাল। দুই দেশের মধ্যে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সমঝোতা স্মারক বিনিময়েরও কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বালেন্দ্র শাহ সরকারের জন্য এ সফর গুরুত্বপূর্ণ। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191830