ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আগে বিএনপিকে নিজেদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। গত দুই বছরে দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা নষ্ট হওয়ার পেছনে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ কীভাবে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে, সেটিও আলোচনায় আনা প্রয়োজন।

তিনি বলেন, গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক নিপীড়নের যেসব অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো নিয়ে দলটির পক্ষ থেকে যথেষ্ট আত্মসমালোচনা দেখা যায়নি। এসব ঘটনার শিকার ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই বিশ্বাসযোগ্যতা ফেরানোর প্রথম পদক্ষেপ হওয়া উচিত।

বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার বিচার দাবি করে তিনি প্রশ্ন তোলেন, গত দুই বছরে অন্যদের ওপর হামলার সময় একইভাবে প্রতিবাদ জানানো হয়েছিল কি না। তার মতে, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য হলে তা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে সীমাবদ্ধ রাখা যাবে না। গোপালগঞ্জের অপরাধের যেমন প্রতিবাদ করতে হবে, তেমনি বিএনপি বা অন্য কোনো দলের পরিচয়ে সংঘটিত অপরাধের বিরুদ্ধেও দাঁড়াতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি, সিন্ডিকেট ও রাজনৈতিক সহিংসতা—সবই অন্যায়। অপরাধীর দলীয় পরিচয়ের ভিত্তিতে এসবের বিচার আলাদা করা যায় না।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ শুধু আওয়ামী লীগ সরকারের অবসান নয়, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন চেয়েছিল। তাই শহীদ ও আহতদের ন্যায়বিচার, জুলাই সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়গুলো কোনো রাজনৈতিক সমঝোতার আড়ালে হারিয়ে যেতে দেওয়া যাবে না। পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ওঠা অভিযোগ ও উদ্বেগেরও স্পষ্ট জবাব প্রয়োজন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191822