সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

দেশের ১২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কবার্তা জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191817