২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিনে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা ফলাফলের পাশাপাশি পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

নতুন বইয়ের মান নিশ্চিত করতে উন্নত মানের কাগজ ও ছাপার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত মান বজায় না রাখলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদ, ভিপি মাসুমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

আলোচনা সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191815