পানি গরমে ইমারশন রড ব্যবহার: মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে অনেকেরই অনীহা থাকে। তাই দ্রুত পানি গরম করতে অনেক বাড়িতেই ভরসা ইমারশন রড। গিজারের তুলনায় দাম কম, ব্যবহারও বেশ সহজ। একটি বালতিতে পানি নিয়ে রড ডুবিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে গরম পানি পাওয়া যায়। কিন্তু এই সুবিধার জন্য বিদ্যুতের বিল কতটা বাড়ে, তা কি কখনো হিসাব করেছেন?
ইমারশন রডের বিদ্যুৎ খরচ মূলত নির্ভর করে সেটির ক্ষমতা বা ওয়াটের ওপর। বাজারে সাধারণত ১০০০, ১৫০০ ও ২০০০ ওয়াটের রড বেশি দেখা যায়। ওয়াট যত বেশি, নির্দিষ্ট সময় ব্যবহারে বিদ্যুৎ খরচও তত বেশি হবে।
দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
বিদ্যুতের হিসাব বুঝতে একটি বিষয় মনে রাখা দরকার ১০০০ ওয়াটের কোনো যন্ত্র এক ঘণ্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই হিসাব ধরলে ১০০০ ওয়াটের ইমারশন রড এক ঘণ্টা চালালে খরচ হবে ১ ইউনিট। ১৫০০ ওয়াটের রডে খরচ হবে দেড় ইউনিট। আর ২০০০ ওয়াটের রড এক ঘণ্টা চালালে খরচ হবে ২ ইউনিট বিদ্যুৎ।
মাসে বিদ্যুৎ বিল কত বাড়তে পারে?
এবার আসা যাক টাকার হিসাবে। ধরা যাক, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৫০ পয়সা এবং প্রতিদিন ইমারশন রড এক ঘণ্টা করে চালানো হচ্ছে। তাহলে ১০০০ ওয়াটের রডে প্রতিদিন খরচ হবে ৭ টাকা ৫০ পয়সা। ৩০ দিনে এই খরচ দাঁড়াবে ২২৫ টাকা।
অন্যদিকে ১৫০০ ওয়াটের রডে দৈনিক খরচ হবে ১১ টাকা ২৫ পয়সা। মাসে তা বেড়ে দাঁড়াবে ৩৩৭ টাকা ৫০ পয়সা। আর ২০০০ ওয়াটের রড ব্যবহার করলে প্রতিদিন খরচ হবে ১৫ টাকা। সেই হিসাবে মাসে বিদ্যুৎ খরচ হবে ৪৫০ টাকা।
অর্থাৎ, রডের ক্ষমতা যত বেশি, একই সময় ব্যবহারে বিদ্যুতের খরচও তত বেশি। তবে এগুলো আনুমানিক হিসাব। বাড়ির প্রকৃত বিদ্যুৎ বিল নির্ভর করবে প্রযোজ্য, বিদ্যুৎ ব্যবহারের স্ল্যাব এবং অন্যান্য চার্জের ওপর।
ইমারশন রড ব্যবহারে সতর্ক থাকবেন যেভাবে
বিদ্যুৎ খরচের পাশাপাশি ইমারশন রড ব্যবহারে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। রডটি নির্দিষ্ট পানিরস্তরের মধ্যে ডুবিয়ে তারপর সুইচ চালু করতে হবে। সুইচ বন্ধ করে প্লাগ খুলে নেওয়ার আগে রড বা পানি স্পর্শ করবেন না। রড চালু থাকা অবস্থায় বালতিতে হাত দেওয়া বিপজ্জনক। ধাতব পাত্রের পরিবর্তে প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী উপযুক্ত পাত্র ব্যবহার করুন। শিশুদের কাছ থেকেও রডটি দূরে রাখুন।
শীতের দিনে ইমারশন রড নিঃসন্দেহে সুবিধাজনক। তবে কত ওয়াটের রড ব্যবহার করছেন এবং কতক্ষণ চালাচ্ছেন, তার ওপরই নির্ভর করবে মাস শেষে বিদ্যুতের বিল কতটা বাড়বে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191812