১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বিগত ১৭ বছরে দেশের সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘পরাজিত শক্তিকে আর কখনোই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

আজ শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে ঢাকায় সাংস্কৃতিক উৎসব পালন করা হবে। সংস্কৃতি মানে শুধু গান-বাজনা নয়, সংস্কৃতি হলো আমাদের আত্মপরিচয়। এটিকে আমরা ধারণ করতে চাই এবং সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষমতায় এসেছে অল্প কিছুদিন। এরই মধ্যে দেশের ভেতরে এবং বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশে অবস্থান করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করছে। গোপালগঞ্জে সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ অগণিত নেতা-কর্মীকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং দেশের নির্বাচনী সংস্কৃতি ও মানুষের বাকস্বাধীনতা ধ্বংস করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে।’
জন্মদিনের আয়োজন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি এখন সারা বাংলাদেশের মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে তিনি কাজ করছেন। আজকের এই জন্মদিন আমাদের নতুন করে শপথ নেওয়ার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দিন।’
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানান।
জাসাস বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবং জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি ও জাসাসের শিল্পীদের অংশগ্রহণে নাচ ও গান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজেও দেশগানসহ দুটি গান করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191807