নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী দিবাস্বপ্ন দেখে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে : কাজী রফিক এমপি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, আমরা দেশের মানুষকে ভালোবাসা দিয়ে শান্তিতে রাখতে চাই। সেই শান্তি যারা বিনষ্ট করার চেষ্টা করবেন, তাদের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে। হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা গত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। হাজার শহীদের স্বপ্ন কখনোই বৃথা যেতে পারে না।
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তাদের রাজপথে বের হয়ে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করার কোনও অধিকার নেই। তারা দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করেছে। জিয়ার সৈনিক যতদিন বেঁচে আছে ততদিন তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না।
সারাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে। দেশের সাধারণ মানুষ যতদিন ঐক্যবদ্ধ রয়েছে ততদিন আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। দেশের জনগণ তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে। তাদের ডাকে আর জনগণ কখনোই সারা দেবে না। গত কয়েকদিন আগে তারা সারাদেশে লকডাউন ডেকেছিল। তাদের সেই লকডাউন জনগণ প্রত্যাখান করেছে।
লকডাউন ভেঙ্গে সকল ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। দোকানপাট এবং অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম হয়েছে। তাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা আর জেগে জেগে দিবাস্বপ্ন দেখবেন না। আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকালে বগুড়া সারিয়াকান্দি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত ই খোদা চাঁন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191804