ঠাকুরগাঁও ও গঙ্গাচড়ায় পৃথক অভিযানে গ্রেফতার ৩

ঠাকুরগাঁও ও গঙ্গাচড়ায় পৃথক অভিযানে গ্রেফতার ৩

ঠাকুরগাঁও ও গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে একজন এবং রংপুরের গঙ্গাচড়ায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পুলিশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জানান, রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে আরিফ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাত আড়াইটায় রুহিয়া চৌরাস্তা থেকে প্রায় ২শ’ গজ উত্তরে পোস্ট অফিসের পূর্বপাশে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আরিফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি রুহিয়া পূর্ব ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য এবং ঘনিবিষ্ণুপুর প্রধানপাড়ার মো. আব্দুল জব্বারের ছেলে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে রুহিয়া থানায় মামলা দায়ের করে।

রংপুর (গঙ্গাচড়া) প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আলমবিদিতর ইউনিয়নের মেছনিকুন্ডা এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম ওরফে ভেলু(৫৫) এবং গজঘণ্টা ইউনিয়নের তালুকভুবণ এলাকার মৃত ওসিম উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের সদস্য সাহেব আলী(৬০)। আইনগত প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191803