বগুড়ার ধুনটে আনারকলি চাষ, লাখ টাকা আয়ের স্বপ্ন কৃষি উদ্যোক্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ইউটিউব দেখে বিদেশি ফল প্যাশন ফ্রুট বা আনারকলি চাষে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা সামছুল আলামিন। মাত্র ১২ শতক জমিতে এবারই প্রথম পরীক্ষামূলকভাবে চাষ করে পেয়েছেন আশানুরূপ ফলন। ইতোমধ্যে বাগানের ফল বিক্রি করেছেন প্রায় ৩০ হাজার টাকার। সব মিলিয়ে এ জমি থেকে লাখ টাকার বেশি আয়ের প্রত্যাশা করছেন তিনি।
সামছুল আলামিনের বাড়ি মানিকপোটল গ্রামে। ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত তিনি। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন ফল চাষের মাধ্যমে কৃষিতে বৈচিত্র আনতে চান। সেই ভাবনা থেকেই শুরু করেন ফলের বাগান। প্রথমে প্রায় ১৫ বছর আগে বাবার জমিতে ১৬ শতক জায়গায় কুল চাষ করেন। বর্তমানে প্রায় সাত একর জমিতে ড্রাগন, মাল্টা, পেয়ারা, আঙুর ও স্ট্রবেরিসহ বিভিন্ন জাতের ফলের চাষ করছেন।
এরই মধ্যে ২০২৬ সালের জুন-জুলাই মাসে ইউটিউবে বিদেশি ফল প্যাশন ফ্রুটের চাষাবাদ দেখে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে এ ফলের উৎপাদন পদ্ধতি ও বাজার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জেনে পরীক্ষামূলকভাবে ১২ শতক জমিতে শুরু করেন আনারকলি চাষ। প্রথমবারেই গাছে প্রচুর ফল আসে। সম্প্রতি বাগান থেকে প্রায় ৩০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। মৌসুমজুড়ে এ জমি থেকে লাখ টাকার বেশি ফল বিক্রির আশা করছেন তিনি।
সামছুল আলামিন জানান, ১২ শতক জমিতে আনারকলি চাষ করতে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বর্তমানে প্রতি কেজি ফল পাইকারি ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করছেন। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এ ফল চাষে ভালো লাভের সম্ভাবনা দেখছেন তিনি। প্রথমবার চাষ করায় স্থানীয় অনেকেই এ ফলের সঙ্গে পরিচিত নন। ফলে স্থানীয় বাজারে চাহিদা কিছুটা সীমিত। তবে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ফলের ভালো চাহিদা রয়েছে। সেসব এলাকায় বাগানের ফল পাঠানো হচ্ছে। ভবিষ্যতে চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, আনারকলি বা প্যাশন ফ্রুট পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। ফলটির প্রতি কৃষক ও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। এ ফলের চাষ সম্প্রসারণ করা গেলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটি লাভজনক ফসল হিসেবে কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191777