ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি । বৃষ্টিতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটে। ছুটির দিনে যারা প্রয়োজনে বের হয়েছিলেন তাদের ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে এবং দিনমজুর ও শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে।

আবহাওয়ার এমন বৈরী অবস্থায় ফসল ও জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। অন্যদিকে, মাঠের পাকা ধান এবং শীতকালীন সবজির জমিতে পানি জমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। বগুড়াসহ দেশের অধিকাংশ এলাকায় আগামী তিন দিন বৃষ্টি হতে পারে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অগ্রহায়ন মাসের আজ  ৬ দিন চলছে। মাঠের মাঠের পর মাঠ সোনালী ধান পেকে আছে। অনেক এলাকায় এবং অনেক কৃষক এরই মধ্যে ধান-কাটা মারাই শুরু করেছেন।  অনেকে ধান কেটে  শুকানোর জন্য মাঠেই  রেখেছিলেন। আবার অনেকে শ্রমিক ঠিক করেছিলেন কাটবেন বলে। এরই মধ্যে  বৃষ্টিতে  তাদের পাকা ধানের ক্ষতির আশঙ্কা করছেন।

বগুড়া শাখারিয়া এলাকার সোহেল হোসেন জানান, তিনি ধান কাটার একদিন পর এমন আবহাওয়া শুরু হয়েছে। পাকা ধান এখন পানিতে ভিজে যাচ্ছে। একই এলাকার কৃষক বাদল প্রামানিক জানান, শেষ সময়ে  এসে এই বৃষ্টি  তাদের ভয় ধরিয়ে দিয়েছে। অনেক কৃষক ইতিমধ্যে ধান কেটে মাঠে রেখেছিলেন, কিন্তু বৃষ্টির কারণে সেগুলো শুকানো সম্ভব হচ্ছে না, ফলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

একই সাথে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলাসহ বিভিন্ন শীতকালীন সবজির খেত নিয়েও আশঙ্কা করছেন তিনি। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুর রহমান বলেন, বৃষ্টি তো আজ শুক্রবার (২০ নভেম্বর)ই শুরু হয়েছে।

তাতে এখনও তেমন ক্ষতির সম্ভাবনা নেই।  কিন্তু যারা ধান কেটে মাঠে রেখেছেন বা যাদের জমির ধান হেলে ছিল তাদের ক্ষতির সম্ভাবনা বেশি। তবে এখনো সারা জেলায় পুরোদমে ধান কাটা শুরু হয়নি। তিনি আরও বলেন, তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও  বৃষ্টির কারণে আলু, সবজি ও সরিষা  রোপন পিছিয়ে যাবে।

বগুড়ার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক  মোলাম কিবরিয়া জানান, ঘূণিঝড়ের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে। আজ শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার।

বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কমে আজ শুক্রবার (২০ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা  হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রী । আগামী সোমবার থেকে বৃষ্টিপাত যাবে। তবে এরপর থেকে  দিনের তাপমাত্রা এমন থাকলে  রাতের তাপমাত্রা কমবে বলে জানান সূত্রটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191776