কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত
কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
 
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সি শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সি মাশরুফা।
 
আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 
 
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
 
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191766