নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীতে একই রাতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। অন্য শাখায় আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর এবং বেলাবো উপজেলার গাংকুলপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পৃথকভাবে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার বাড়াচর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন বলেন, রাতে ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ শব্দ শুনতে পান। পরে পোড়া গন্ধ পেয়ে গেট খুলে বাইরে আগুন দেখতে পান। এরপর ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখতে পাননি।

জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ব্যাংক লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। একটি থেকে সামান্য আগুন জ্বললেও অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, একই রাতে বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয় লক্ষ্য করেও আগুন নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি।

শাখাটির ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে আগুন ছুড়ে পালিয়ে যায়। তিনি ভবনের ওপরের তলায় অবস্থান করায় বিষয়টি দ্রুত জানতে পারেন। পরে আগুনে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরল মরমু জানান, রাত ৩টার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191755