‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতলেন নাজিফা তুষি

‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতলেন নাজিফা তুষি

বিনোদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি বয়ে আনলেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এই সম্মাননা পান অভিনেত্রী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পুরস্কার পাওয়ার খবরটি নিজেই জানিয়েছেন নাজিফা তুষি। আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

তুষির কাছে এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি সুযোগ। তাঁর ভাষায়, এশিয়ার গুরুত্বপূর্ণ ও মৌলিক গল্পগুলোকে হলিউডসহ বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার এমন আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

এই অর্জনের পেছনে পরিবারের সমর্থন, ভক্তদের ভালোবাসা এবং ‘রইদ’ সিনেমার পুরো দলের অবদানের কথাও স্মরণ করেছেন অভিনেত্রী। পুরস্কারটিকে তিনি সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন।

এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সাফল্য পেয়েছিল ‘রইদ’। গত অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ওই উৎসবে সেরা অভিনেত্রী, সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীত এই তিন বিভাগে পুরস্কার জেতে সিনেমাটি।

‘রইদ’ সিনেমায় নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিল।

একটি সিনেমার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের এই স্বীকৃতি দেশের সিনেমাপ্রেমীদের জন্যও নিঃসন্দেহে আনন্দের খবর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191753