হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালানো এ হামলায় ভবনটির কয়েকটি তলার জানালা ও আশপাশের কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ক্ষতিগ্রস্ত ভবনটি দেশটির রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা ও বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রধান কার্যালয়। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।

হুথি বিদ্রোহীরা দাবি করেছে, বৃহস্পতিবার ভোর ও সন্ধ্যায় দুই দফায় রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানায়নি।

হামলায় পিআইএফ টাওয়ারের সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। এ ছাড়া ভবনটির বাইরের ধাতব আবরণের কিছু অংশও বেঁকে গেছে। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ঘটনার পর নিরাপত্তার কারণে কিং আবদুল্লাহ অর্থনৈতিক জেলা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

হামলার বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পিআইএফ টাওয়ারে আঘাত হানে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের পাশাপাশি জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পিআইএফ কর্তৃপক্ষ জানায়, তারা এ-সংক্রান্ত অনুরোধ পেয়েছে। তবে হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে হুথিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। একই সঙ্গে ইয়েমেনের অভ্যন্তরে সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। এর ফলে সপ্তাহের শেষ দিকে সরকারপক্ষের বাহিনীকে বড় ধরনের পিছু হটতে হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রিয়াদের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে ওঠেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191741