লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ ওরফে মিজ্জু (৬২), লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন (৪৫), মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা যুবলীগ নেতা ও ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত লালবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গত ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন ও অর্থায়নে সহায়তা করেছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা।
পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191729