রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ঢাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের এ রায় ঐতিহাসিক। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আদালত নির্ধারণ করেছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। পাশাপাশি গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং কনভেনশন কার্যকরের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে দেশটি তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। বিশেষ করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা ঠেকাতে দেশটি ব্যর্থ হয়েছে।
রায়ে মিয়ানমারকে চলমান লঙ্ঘন বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গণহত্যা ও কনভেনশনের অন্যান্য অপরাধে যুক্ত বলে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিশ্চয়তা দেওয়ার নির্দেশও রয়েছে।
এ ছাড়া মিয়ানমারের কর্মকাণ্ডে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারের পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মামলার পক্ষ হিসেবে মিয়ানমার আইসিজের চূড়ান্ত রায় মেনে চলতে এবং নির্দেশনা বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য। মামলাটি দীর্ঘ সাত বছর ধরে এগিয়ে নেওয়ায় গাম্বিয়ার নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে বাংলাদেশ। পাশাপাশি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন এবং কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের হস্তক্ষেপের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191718