হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল দলের উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে আদালতে মামলা করেন এনামুল হক। মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

এ মামলায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। অভিযোগে তাঁদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিচার এখনো সম্পন্ন হয়নি। মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191675