বাংলাদেশকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক: মাত্র ১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই একটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেও সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছিল। এবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু নো বলের কারণে সে যাত্রায় রক্ষা পান প্রোটিয়া ওপেনার। শেষ পর্যন্ত আর কোনো বিপদ ছাড়াই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
১ দশমিক ৩ ওভারেই এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিলো স্বাগতিক দল। ৯ বলে এক ছক্কার মারে ৮ রানে অপরাজিত থাকলেন মার্করাম। জোহানেসবার্গ টেস্ট শেষ হয়ে গেল পঞ্চম দিনের প্রথম সেশনেই। সেই সঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টেম্বা বাভুমারা।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিতে পেরেছিল মাত্র ১১ রানের। ফলে জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।
চতুর্থ দিনেই বাংলাদেশের সামনে কঠিন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছিল। ম্যাচ বাঁচাতে হলে পঞ্চম দিনজুড়ে ব্যাটিংয়ে টিকে থাকার বিকল্প ছিল না। কিন্তু সেই চ্যালেঞ্জ উতরাতে পারেনি সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তখন দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০০ রান। পঞ্চম দিনের সকালে আরও একটি উইকেট হারিয়ে লিডের দেখা পেলেও এরপর দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দলের শেষ ভরসা হয়ে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু কাগিসো রাবাদার বলে লিটন বোল্ড হলে ভাঙে সেই প্রতিরোধ। এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বলে আগ বাড়িয়ে খেলতে গিয়ে গ্লাভস-প্যাডে বল লাগিয়ে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নেয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান করে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।
মুশফিকের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে আর কোনো প্রতিরোধ দেখা যায়নি। শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজও নিজের উইকেট হারান দৃষ্টিকটুভাবে। শেষ চার উইকেটের পতন ঘটে মাত্র ৮ রানের ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইমন হার্মার। ৫১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। অন্যদিকে কাগিসো রাবাদা শিকার করেন ৩ উইকেট। প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের বিপর্যয়ের বড় কারণ ছিলেন এই পেসার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191643