ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন টিউলিপ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন টিউলিপ

আন্তর্জতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত বছর তাকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।

সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ নামের এক পডকাস্টে টিউলিপ এ কথা বলেন। এ বিষয়ে মন্তব্যের জন্য অধ্যাপক ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের পার্লামেন্ট সদস্য (এমপি)। রাজধানী ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় টিউলিপের সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ।

পডকাস্টে টিউলিপ দাবি করেন, তিনি প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি আমার রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে আখ্যা দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, খালা শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের ‘বলি’ হয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগ করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তার আইনজীবীরা বারবার বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিলেও কোনো জবাব পাননি। এমনকি মোহাম্মদ ইউনূস লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে তার কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়ে সরাসরি দেখা করার চেষ্টাও করেছিলেন বলে জানান টিউলিপ।

টিউলিপ দাবি করেন, ‘তিনি (ইউনূস) আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি বারবার তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম।’ সূত্র : দ্য গার্ডিয়ান

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191641