রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

‎রাজশাহী প্রতিনিধি : ‎রাজশাহীর নওদাপাড়ায় বিআরটিসির বাস ডিপোতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
‎বাস ডিপোর চালক ও হেলপাররা জানান, মধ্যরাতে বাস ডিপোর পাশের সড়ক দিয়ে একটি মিছিল যায়। তার কিছুক্ষণ পর বোমা ফাটার শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন।

‎রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, তারা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিসংযোগ একটি বাসের উপরের অংশের সব পুড়ে গেছে। বসার সিট, সিট কভার, ফ্যান, পর্দা ও বাসের বডিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানত এই বাসটি থেকেই পাশের আরেকটি বাসে আগুন ধরে। ওই বাসটিরও আংশিক পুড়ে গেছে।

‎শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, আমরা ধারণা করছি একটিই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। প্রথমে একটি বাসে আগুন ধরে। সেখান থেকে আরেকটি বাসে আগুন ধরে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎অন্যদিকে রাজশাহীর চারঘাটে রেললাইনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামের রেললাইনে এই ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় স্থানীয়রা এবং বিএনপি’র নেতাকর্মীরা রেললাইনে লাল কাপড় বেঁধে অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় কোন দুর্ঘটনা ঘটেনি। ‎এসময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি লোকাল মেইল ট্রেন সংশ্লিষ্ট স্থানে আটকা পড়ে। তবে রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‎পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম জানান, আধাঘণ্টার মতো ট্রেন আটকা পড়েছিল। প্রাথমিকভাবে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও ‎রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা একটি টিম পরীক্ষা করছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191633