বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির পৃথক পৃথক আপিল

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির পৃথক পৃথক আপিল

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ আপিল করা হয়। একই দিন বেলা আড়াইটায় আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বৃহস্পতিবার জানান, সরকারের পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার তাদের রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের প্রধান যুক্তি।

এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর ‘লোকাস স্ট্যান্ডি’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কাজী জয়নাল আবেদীন বলেন, যেসব শিক্ষার্থীর স্বার্থের কথা উল্লেখ করে রিটটি করা হয়েছে, তাদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা কেউই ওই আবেদনের পক্ষ নন। জনস্বার্থে করা রিটের অপব্যবহার হচ্ছে।

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ টেনে ঢাবির এই আইনজীবী বলেন, দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় থাকা বৃহত্তর মেধাবী শিক্ষার্থীদের অধিকার ব্যাহত করা ঠিক হবে না।

বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধান করা সম্ভব ছিল বলে মন্তব্য করেন কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, অধিকার কখনোই নিরঙ্কুশ নয়। রিটের মাধ্যমে এমন কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যিনি আদৌ সেই সুবিধা নিতে পারবেন কি না, তা অনিশ্চিত।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর কথা রয়েছে। ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। একই সঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার ছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191632