আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে তোলার পথে নিকো পাস!
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি অবসর নেওয়ার পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কার গায়ে উঠবে—ফুটবলবিশ্বে এখন এটিই সবচেয়ে বড় আলোচনা। গতকাল কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে প্রথমার্ধেই দুর্দান্ত জোড়া গোল করে সেই আলোচনাকে আরও উসকে দিয়েছেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস। গতকাল তিনি খেলেছেন ১৮ নম্বর জার্সি গায়ে। দ্রুতই কি ২২ বছর বয়সী তারকার গায়ে মেসির জার্সি উঠবে?
মঙ্গলবার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে বিধ্বস্ত করে বছর শেষ করে লিওনেল স্কালোনির দল। ম্যাচের সপ্তম মিনিটেই হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের গড়া এক নিখুঁত প্রতি-আক্রমণ থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলের খাতা খোলেন পাস। বিরতির ঠিক আগে ডান পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দেন তিনি। বিরতির পর তার বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।
ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে পাস বলেন, ‘আমি খুব খুশি, এই জার্সির প্রতিনিধিত্ব করাই চূড়ান্ত পাওয়া। বিশেষ করে আজকের (গতকাল) মতো দিনে, যেখানে মানুষের এত ভালোবাসা পাওয়া যায়। ধীরে ধীরে আমি নিজেকে আরও ভালোভাবে খুঁজে পাচ্ছি, মাঠে খেলাটা উপভোগ করছি। আমাদের দলে অবিশ্বাস্য মানের খেলোয়াড় আছে, যারা সবকিছু অনেক সহজ করে দেন। এমন দলের হয়ে খেলতে পারাটা দারুণ ব্যাপার।’
বর্তমানে ১৮ নম্বর জার্সি পরা পাস সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে অবিশ্বাস্য ছন্দে আছেন। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপের পর থেকেই আলবিসেলেস্তেদের মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া এই ফুটবলার। এর আগে বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষেও গোল পেয়েছেন। কেবল লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে হারের ম্যাচটিতে গোল পাননি। তাছাড়া গত ৪৮ দিনের আন্তর্জাতিক সূচিতেই তার গোলসংখ্যা চারটি।
এমন ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই সমর্থকদের বড় একটি অংশ পাসকে মেসির উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সিতে দেখতে চাইছেন। তবে ব্যক্তিগত অর্জন বা ঐতিহাসিক জার্সি নম্বর নিয়ে ভাবছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাস। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবি না। আমি কেবল দিনগুলো উপভোগ করতে চাই, মাঠে আনন্দ করতে চাই। কারণ আমি সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবল খেলতে এবং জাতীয় দলের হয়ে অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করতে। আমি সেটার জন্যই খেলি এবং এভাবেই চালিয়ে যেতে চাই।’
পাস নিজে বিষয়টি এড়িয়ে গেলেও ড্রেসিংরুমে সতীর্থদের পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। এর আগে বলিভিয়ার বিপক্ষে জয়ের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন, পাসই কি ‘নতুন ১০ নম্বর’? বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের পর মিডফিল্ডার রদ্রিগো দি পলও পাসকে খেলার ‘মাস্টার’ আখ্যা দিয়ে বলেছিলেন, দল এমন একজনের অপেক্ষাতেই ছিল।
পাসের ঘনিষ্ঠ বন্ধু ও চেলসি তারকা ভালেন্তিন বার্কোও প্রকাশ্যেই তাকে ১০ নম্বর জার্সিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশ্বকাপের সময় ৫০ দিনের বেশি সময় পাসের সঙ্গে রুম শেয়ার করা বার্কো বলেন, ‘নিকোর খেলার সবকিছুই আমার ভালো লাগে। ও যেভাবে খেলে, তা আমি সত্যিই পছন্দ করি। আমি আশা করি ও ১০ নম্বর জার্সিটি পাবে, এটি আমার খুব ভালো লাগবে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191630