দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ

দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : দেশবরেণ্য ও জননন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ। সুবীর নন্দী ১৯৫৩ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দী পাড়ায়, এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সঙ্গীতপ্রেমী। তার মা পুতুল রানী গান গাইতেন। সংগীতে হাতে খড়ি মায়ের কাছেই। তবে ভাই-বোনদের সঙ্গে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন, ওস্তাদ বাবর আলী খানের কাছে।

তৃতীয় শ্রেণিতে থাকা অবস্থায়ই তিনি গান করতেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে, প্রথম সিলেট বেতারে গান করেন সুবীর নন্দী। সেই সময়ে তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান। লোকগান শিখাতেন বিদিত লাল দাশ।

সুবীর নন্দী ঢাকা রেডিওতে প্রথম গান গাওয়া শুরু করেন ১৯৭০ খ্রিষ্টাব্দে। প্রথম গান ছিলো ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’, গীতিকার মোহাম্মদ মুজাক্কের এবং সুরকার ছিলেন ওস্তাদ মীর কাসেম। সুবীর নন্দীর গাওয়া কালজয়ী জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, জীবনের গল্প এতো ছোট নয়’, ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে তুমি কোথায়’, ‘মনরে সুখ পাখি তোর হইলো না আপন’, ‘তুমি এমনই জাল পেতেছ সংসারে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ইত্যাদি।

চলচ্চিত্রের গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুবীর নন্দী। ‘মহানায়ক’ (১৯৮৪), ‘শুভদা’ (১৯৮৬), ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘মেঘের পরে মেঘ’ (২০০৪) ও ‘মহুয়া সুন্দরী’ (২০১৫) চলচ্চিত্রের গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পান। ২০১২ সালে সিটিব্যাংক এনএ আজীবন সম্মাননা এবং ২০১৯ সালে সংগীতে অবদানের জন্য একুশে পদক লাভ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/191610